ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চাটমোহরে আটক ৩ ‘তক্ষক’ বন বিভাগে হস্তান্তর

২০১৯ অক্টোবর ০৪ ১৭:৩৩:৩৩
চাটমোহরে আটক ৩ ‘তক্ষক’ বন বিভাগে হস্তান্তর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ধূলাউড়ি গ্রাম থেকে ৩টি ‘তক্ষক’ উদ্ধারের ৫দিন পর শুক্রবার দুপুরে রাজশাহী বন বিভাগের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

এ সময় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফজি লালন উদ্দিন এবং উপজেলা বন কর্মকর্তা ফরেস্টার আবদুল কুদ্দুসের কাছে তক্ষকগুলো হস্তান্তর করেন চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন। এ ঘটনায় অভিযুক্ত সৈয়ব আলীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে থানায় প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত সোমবার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি কুঠিপাড়া গ্রামের কোবাদ মুসল্লীর ছেলে সৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি কাঠের বাক্সে রক্ষিত অবস্থায় তক্ষক তিনটি উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত সৈয়ব আলী।

স্থানীয়রা জানান, সৈয়ব আলী দীর্ঘদিন ধরে সিলেট ও চট্টগ্রাম থেকে গোপনে তক্ষক এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করতো। এ খবরটি ধীরে ধীরে এলাকায় আলোচনা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বাক্সে রক্ষিত ৩টি তক্ষক উদ্ধার করে। তবে ৫ দিনেও অভিযুক্ত সৈয়ব আলীকে আটক করতে পারেনি পুলিশ।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন বলেন, উদ্ধারকৃত তক্ষকগুলো শুক্রবার থানা থেকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈয়ব আলীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে থানায় প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

(এস/এসপি/অক্টোবর ০৪, ২০১৯)