ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

নির্বাচন উপলক্ষে ভোমরা বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৮:১১:৫৪
নির্বাচন উপলক্ষে ভোমরা বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধ ও বৃহস্পতিবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আজ ১১, ১২ ও সাপ্তাহিক ছুটি ১৩ ফেব্রুয়ারি (বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার) ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্র থাকায় জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতীয় ট্রাক, চালক ও হেলপারদের সরকারি পার্কিং ইয়ার্ডের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলা খালি ট্রাক ও পণ্যবাহী ট্রাকগুলো রাস্তায় না রেখে নিজ নিজ দায়িত্বে নিরাপদ স্থানে রাখার অনুরোধ জানানো হয়েছে।

তবে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে এবং স্বাভাবিকভাবে চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৬)