প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
নেশন্স লিগে একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, মুখোমুখি ফ্রান্স-ইতালিও
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৫:২২:৪৯
স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের আগামী আসরের ড্রয়ে জমে উঠেছে ইউরোপীয় ফুটবলের লড়াই। একই গ্রুপে পড়েছে স্পেন ও ইংল্যান্ড। পাশাপাশি মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইতালি, আর পুরোনো প্রতিদ্বন্দ্বী জার্মানি ও নেদারল্যান্ডসও খেলবে এক গ্রুপে।
বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত ২০২৬-২৭ মৌসুমের নেশনস লিগের ড্রয়ে লিগ ‘এ-থ্রী’তে স্পেন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র একইসঙ্গে রয়েছৈ।
২০২৪ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। ২০২৩ সালে নেশন্স লিগ জেতা স্পেন গত আসরে ফাইনালে পেনাল্টিতে হেরেছিল পর্তুগালের কাছে। তাইতো টমাস টুখেলের অধীনে থাকা ইংল্যান্ডের জন্য গ্রুপটি কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
লিগ ‘এ-ওয়ান’গ্রুপে রয়েছে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও তুরস্ক।
২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স গত আসরে সেমিফাইনাল খেলেছিল। গ্রুপ এ-টুতে আছে জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে গ্রুপ এ-ফোরে, যেখানে তাদের সঙ্গী ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।
এই আসরটি ২০২৬ বিশ্বকাপের পর ইউরোপীয় আন্তর্জাতিক ফুটবলের মূল আকর্ষণ হয়ে থাকবে।
এরপর শুরু হবে ইউরো ২০২৮-এর বাছাইপর্ব।
গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। প্রত্যেক দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিপক্ষে খেলবে।
লিগ ‘এ’র চার গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে, যা হবে ২০২৭ সালের মার্চে। সেখান থেকে চার দল জায়গা করে নেবে জুনে অনুষ্ঠিতব্য ফাইনালসে।
আয়োজক দেশ নির্ধারণ করা হবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকেই।
লিগ ‘বি’, ‘সি’ ও ‘ডি’র ড্রও সম্পন্ন হয়েছে। আগামী মার্চে লাটভিয়া-জিব্রাল্টার এবং লুক্সেমবার্গ-মাল্টার মধ্যে দুই লেগের প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত গ্রুপ নির্ধারিত হবে।
একনজরে ২০২৬-২৭ উয়েফা নেশনস লিগের ড্র:
লিগ ‘এ’
গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ২: জার্মানি,নেদারল্যান্ডস,সার্বিয়া,গ্রিস
গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস
লিগ ‘বি’
গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, কসোভো
গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন
লিগ ‘সি’
গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো দ্বীপপুঞ্জ, মলডোভা
গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা
লিগ ‘ডি’
গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, আন্দোরা
গ্রুপ ডি২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিখনেস্টেইন
প্লে-অফ (মার্চ ২০২৬): লাটভিয়া বনাম জিব্রাল্টার, লুক্সেমবার্গ বনাম মাল্টা
(দুই লেগের প্লে-অফ শেষে চূড়ান্ত গ্রুপ নির্ধারিত হবে)
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
