ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৮:৪৫:২২
পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরের দিন ১৩ ফ্রেবুয়ারি পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়ন আওয়ামী লীগের তালাবদ্ধ দলীয় অফিস অবমুক্ত করে দিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশের ন্যায় জামায়াত কর্মীরা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের এই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। ভোটের পরদিন এই অবরুদ্ধ অফিসটি অবমুক্ত করার পর জেলার সর্বত্র নানাবিধ আলোচনা, পর্যালোচনা, হিসাব নিকাশ চলছে।

এ ব্যাপারে তরুণ শিক্ষার্থী দীপু বলেন, "রাজনীতিতে একদল ক্ষমতায় এসে অন্যদলকে দমন-পীড়ন করাটা আদৌও ঠিক নয়। এই ব্যক্তি যেটা করলেন এটাই হওয়া উচিৎ।"

মুমিনুল হক নামের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক যুবক বলেন, "যে রাজনৈতিক দল সকল মানুষের সহবস্থান, অধিকার, নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তারাই এদেশে রাজনীতি করার বৈধতা পাবে। বিএনপির আবু দাউদ প্রধান যে কাজটি করেছে তা রাজনৈতিক মহত্ত্বের দৃষ্টান্ত। এটা তার দলের হাই কমান্ড কিভাবে দেখবে সেটাই হিসাব নিকাশের ব্যাপার।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, "এই আসনে শাপলা কলির বিজয় ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ গোপনে চুক্তিবদ্ধ হয়েছিল, যে কারণে বিএনপি চুক্তি পুরণে আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছে।"

শিক্ষক আব্দুল হাকিম বলেন, "আওয়ামী লীগ যে কাজটি করেছে, বিএনপি তা করবে না। বিএনপি গনতান্ত্রিক দল, তাদের গঠিত সরকার সকল মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবে এটাই কাম্য।"

এই বিষয় কথা বলার জন্য আবু দাউদ প্রধান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)