ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:০৩:০৬
ফরিদপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের নিকট থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উত্তরাধিকার ৭১ নিউজকে পাঠানো জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও এর আশপাশে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা ডিবি (ভাঙ্গা জোন) এর অফিসার ইনচার্জ (ওসি) পি.এম. মামুনুর রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উক্ত ভবনের সামনে ও ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করে ডিবি। এ অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি ওসি মানুনের সাথে ফরিদপুর ডিবি পুলিশের এসআই মোহাম্মদ হান্নান মিয়া, এসআই কাজী মো. মুসতাসীম, এসআই আব্দুল হক খলিফা, এসআই মো. তানিম হোসেন, এসআই হেদায়েত উল্লাহ, এএসআই মো. আব্দুর রহমান ও ডিবি পুলিশ সদস্য মেহেদী হাসান, মো. রকিবুল ইসলাম এবং মাহফুজ অংশ নেন।

ডিবি'র এ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)। তারা সবাই ফরিদপুর সদর কোতয়ালী থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আশিকুর রহমান রাহাতের কাছ থেকে ২০টি প্যাকেটে মোট ৪ হাজার পিস ইয়াবা, সুমন মৃধার কাছ থেকে ১৪টি প্যাকেটে ২ হাজার ৮০০ পিস এবং খোলা অবস্থায় আরও ১০০ পিসসহ মোট ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মিরাজুল ইসলামের কাছ থেকে ১৬টি প্যাকেটে ৩ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা সহ সবমোট ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) পি.এম. মামুনুর রশিদ জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত ফরিদপুরের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করতো'।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিবি। এছাড়া, এসব মাদক কারবারি'র চেইন সনাক্তে গোয়েন্দা পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)