ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘কে আগে, এমপি না ডিসি?’

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:৩৩:১২
‘কে আগে, এমপি না ডিসি?’

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : 'কে আগে-এমপি না ডিসি?' সাংবাদিকদের এমন প্রশ্ন ছুঁডে দিয়ে জেলা প্রশাসকের বিরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের তা প্রচারের আহবান জানালেন, দিনাজপুর- ৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

আজ শনিবার দুপুরে তাঁর কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি প্রশ্ন ছূড়ে দিয়ে বললেন, "আগে কে- এমপি না ডিসি ? আপনারা এই বিষয়টি লিখেন,আমি দেখতে চাই আপনাদের লিখুনি। কিভাবে একজন জেলা প্রশাসক অমর একুশে ফেব্রুয়ারি,মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ১২ টা এক মিনিটে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে যায় এবং প্রথমে জেলা প্রশাসনকে যাওয়ার জন্য বারবার মাইকে ঘোষণা দেয়! আমার নাম পরে বলে।

আমি তার এই আচরণ এবং এই ঘটনার প্রতিবাদ করেছি। তিনি নাকি জানেন না, তাহলে তার মতো একজন লোক কিভাবে জেলা প্রশাসকের চেয়ারে বসেন ? জেলা প্রশাসকের চেয়ার বসার তার কোন যোগ্যতাই নাই।আপনারা এই বিষয়গুলো লিখেন।আমি আপনাদের লেখুনি দেখতে চাই।

এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'এমন কোন ঘটনা ঘটেনি। আমরা এক সঙ্গেই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছি। এ অভিযোগ সঠিক নয়।'

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)