ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ভাষা দিবস অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা: প্রতিমন্ত্রী অমিত

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৭:৩৯:১৬
ভাষা দিবস অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা: প্রতিমন্ত্রী অমিত

যশোর প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২১শে ফেব্রুয়ারি কেবল রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার অর্জনের দিন নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং বৈষম্যের বিরুদ্ধে মাথা নত না করার প্রেরণার উৎস। শহীদ মিনার আমাদের সেই সাহস ও উদ্দীপনা জোগায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গণজাগরণই আমাদের বাংলা ভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার এনে দিয়েছে। তিনি আরও বলেন, ৫২ হোক কিংবা পরবর্তী গণঅভ্যুত্থান সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখনই বিজয় নিশ্চিত হয়।

মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর সরকারি মহিলা কলেজ-এর সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা ভাষা শহীদদের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

(এসএ/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৬)