প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
রেফারির দিকে তেড়ে গেলেও শাস্তি পাচ্ছেন না মেসি
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৩:০৩:৫২
স্পোর্টস ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে ৩-০ গোলে হারের পর হতাশা চেপে রাখতে পারেননি ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন একাধিক সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে তাকে তর্কে জড়াতে দেখা যায়। শেষ বাঁশি বাজার পরও ক্ষোভ থামেনি আর্জেন্টাইন অধিনায়কের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে রেফারিদের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।
ঘটনার সময় রেফারি দল স্টেডিয়ামের ভেতরে নিজেদের নির্ধারিত কক্ষের দিকে যাচ্ছিল। মেসিও সেই দিকে হাঁটতে শুরু করলে মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে। তবে সতীর্থ লুইস সুয়ারেজ তাকে থামান এবং দুজন একসঙ্গে ড্রেসিংরুমে ফিরে যান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ধারণা করেন, মেসি হয়তো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছেন, যা করলে শাস্তির মুখে পড়তে পারতেন।
বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। প্রথমদিকে পরিষ্কার ছিল না, তিনি কর্মকর্তাদের কক্ষে ঢুকেছিলেন কি না।
তদন্ত শেষে লিগ জানায়, মেসি রেফারিদের বিশ্রামকক্ষে প্রবেশ করেননি এবং কোনো নিয়মভঙ্গও করেননি। ম্যাচ-পরবর্তী সময়ে কর্মকর্তাদের পক্ষ থেকেও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যম ‘মায়ামি হেরাল্ড’-এর সাংবাদিক মিচেল কুপম্যান জানান, যে দরজা দিয়ে মেসিকে যেতে দেখা গেছে সেটি রেফারিদের কক্ষ ছিল না এবং সেটি নিষিদ্ধ এলাকাও নয়। রেফারিদের আসল কক্ষ ছিল আলাদা সিঁড়ি বেয়ে ওপরে, যেখানে স্পষ্ট সতর্কতামূলক চিহ্ন ছিল।
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোও জানান, তিনি ম্যাচ শেষে মেসির কোনো অস্বাভাবিক আচরণ দেখেননি। তার ভাষায়, ম্যাচ শেষ হতেই তিনি নিজ কক্ষে চলে যান এবং এরপর কী হয়েছে তা দেখেননি।
এখন পর্যন্ত শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা আসেনি।
সাধারণত পরবর্তী ম্যাচের আগে এমন সিদ্ধান্ত জানানো হয়। তদন্তে নিয়মভঙ্গের প্রমাণ না পাওয়ায় ধারণা করা হচ্ছে, মেসি কোনো নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না এবং পরবর্তী ম্যাচে স্বাভাবিকভাবেই মাঠে নামতে পারবেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)
