প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত
বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা
২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৮:৪৫:৪৪
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে পরিকল্পিতভাবে এক কৃষকের ২৪ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই বিলের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. হাসান আলী তফাদার একই ইউনিয়নের মাঝদিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, চলিত মৌসুমে তেনাই বিলের মাঠে ২৪ শতাংশ জমিতে হালি পেঁয়াজের আবাদ করেন হাসান আলী তাবেদার। ভালো ফলনের আশায় নিয়মিত সার, সেচ ও পরিচর্যা করে আসছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন তার পেয়াঁজ ক্ষেত বিনষ্ট করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, ‘রাজ্জাক নামে তার সৎ ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। রাজ্জাক এলাকার প্রভাবশালী মানুষ। কয়েকদিন রাজ্জাক আমার ক্ষতি করার কথা বলে আসছিলেন। আমার সব জমির ফসল নষ্ট করে দিবেন এমন কথা বলছিলেন। সোমবার রাতে রাজ্জাক তাবেদার আমার জমির পেঁয়াজের পুরো ক্ষেত নষ্ট করে গেছে। আগামী চৈত্র মাসে ২৪ শতাংশ জমিতে ৫০ মণ পেঁয়াজ ঘরে তোলা যেত।’
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বর তালুকাদার বলেন, হাসান আলী তফদার পেয়াঁজের ক্ষেত বিনষ্ট করা হয়েছে। আমরা এমন একটি বিষয় জানতে পেরেছি। থানায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(একে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
