ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে বাবা-ছেলে হত্যায় ৬৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৭

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৮:২৩:৫৮
নড়াইলে বাবা-ছেলে হত্যায় ৬৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৭

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবা-ছেলেসহ একই গ্রুপের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকালবুধবার রাত পৌনে ১২টার দিকে নড়াইল সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন।এজাহারনামীয় ৬৯ জন এবং অজ্ঞাতনামা আরও ৪০–৪৫ জনকে এই মামলায় আসামী করা হয়েছে।

জানা গেছে , এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে গত সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রের আঘাতে এক পক্ষের খলিল, তাহাজ্জত ও ফেরদাউস ও অপর পক্ষের তসিকুর ফকির নামের এই চারজন নিহত হন।

উল্লেখ্য, তসিকুর ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো পাল্টা মামলা দায়ের করা হয়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানিয়েছেন, আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের সুবিধার্থে আটককৃত বা অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করছে না পুলিশ।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)