ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত, আহত ৩

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৮:৩৫:৪৯
সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত, আহত ৩

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা- খুলনা মহাসড়কে গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন যাত্রী। আজ বৃহস্পতিবার সকালের দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন, একই উপজেলার গোবরদাড়ী এলাকার মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও সরাবপুর এলাকার মো: আমিনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো: আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই ইজ্ঞিন ভ্যান যোগে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে ইজ্ঞিন ভ্যানের পিছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন। একই সময় গুরত্বর আহত হয় সাথে থাকা তিন জন।

পাটকেলঘাটা থানার পুলিশ-পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)