ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নগরকান্দায় ফসলি জমি কাটায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১২:৫২:২৭
নগরকান্দায় ফসলি জমি কাটায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : নগরকান্দার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি ধ্বংস করে ভেকু দিয়ে মাটি কাটা এবং ট্রলি গাড়ির মাধ্যমে তা বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে র সন্তোষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মারুফ ও জাকির নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় আবাদযোগ্য জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত জাকির হোসেন (পিতা: আ. মালেক শেখ) কে আটক করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “উপজেলার কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। ফসলি জমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

স্থানীয়দের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে কৃষিজমি রক্ষা পাবে এবং পরিবেশের ক্ষতি কমবে।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)