প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কুড়িগ্রামে বিজিবির জালে ধরা ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য
২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:০৫:০০
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, অভিযানে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করা হয়। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)
