প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সোনাতলায় সিএনজি–কাঁকড়া সংঘর্ষে নিহত ১, আহত ২
২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:২৫:৩৯
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলা উপজেলায় সিএনজি ও মাটিবাহী কাঁকড়ার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমিরুল ইসলাম এবং নগরপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে শহিদুল ইসলাম আজ শুক্রবার ভোরে কাজের উদ্দেশ্যে বালুয়াহাট থেকে সিএনজিযোগে মহাস্থানের দিকে রওনা হন। পথিমধ্যে বালুয়াহাটের অদূরে আটকরিয়া সুফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি মাটিবাহী কাঁকড়ার সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই আমিরুল ইসলাম নিহত হন। এ সময় সিএনজির চালক ও যাত্রী শহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত শহিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় আমিরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন এবং আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে আমিরুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে এলাকাবাসীর ঢল নামে।
(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)
