ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

খেলাধুলায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় তামিম

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১২:২২:৪০
খেলাধুলায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন ক্রীড়া সংগঠক হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক নিয়ে তামিম বলেন, ‘লাভ অ্যান্ড হেইট সম্পর্ক, এটা শুধু পছন্দ আবার শুধু ঘৃণার হওয়া উচিত না। আমি আশা করব, এই সম্পর্কটা যেন আমরা মেইনটেইন করি।
কারণ সমালোচনা আমি কিংবা উনারা না নিতে পারলে আমরা কেউই সমালোচনা থেকে শিখব না। খালি যদি ভালোবাসাই পেতে থাকি, তাহলে কী ভুল করছি- তা কোনদিনও জানব না।’

তিনি আরও যোগ করেন, ‘সাংবাদিকদের একটাই কথা বলি, আমার কাছে মনে হয় যখন আমি ক্রিকেটার ছিলাম, এখন যেমন সংগঠক হওয়ার পথে হাঁটছি। আমি সবসময় আপনাদের সাথে আমাদের লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা বিশ্বাস করি।
ভালো খেললে পছন্দ করবেন, খারাপ খেললে খারাপ বলবেন। আমি মনে করি এটাই হলো সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক।’

খেলাধুলার সামগ্রিক উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এই সাবেক ওপেনার।

তামিম বলেন, ‘একজন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা সবাই ভাগ্যবান।
কারণ আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারের প্রথম তিন-চার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল স্পোর্টস নিয়ে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে, আসলেই খেলাধুলায় এখন আমরা পরিবর্তন দেখব।’

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)