ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

২০২৬ মার্চ ০৩ ১৭:৩৮:৩৮
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা ছামিউল ইমাম আযম ওরফে মনিরের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, সময় টিভির মমতাজ আহম্মেদ বাপ্পি, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী. সাংবাদিক শেখ ফরিদ আহম্মেদ ময়না, বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা সাংবাদিক ছামিউল মনিরের উপর হামলাকারিদের বালু খাদক উল্লেখ করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক নির্যাতনকারিদের কোন ছাড় দেওয়া হবে না।

এদিকে সভাপতি ছামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন. সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, সাংবাদিক আবু কওছার, রণজিৎ বর্মণ, হোসাইন বিন আফতাব প্রমুখ।

প্রসঙ্গত, বালু ইজারা গ্রহীতাদের কাছ থেকে চাঁদা আদায়, সুন্দরবনের বনদস্যু ও মাদক ব্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজি, জমি জবরদখল, ব্যবসায়ি আব্দুর রহিমকে মারপিট ও সীমাহীন দূর্ণীতির অভিযোগ এনে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে স্থানীয়রা মানববন্ধন কর্মসুচি পালনকালে সাংবাদিক মনিরের সঙ্গে মানববন্ধনকারিদের উত্তেজনার একপর্যায়ে মনিরকে প্রেসক্লাব থেকে টেনে হিঁচড়ে মারতে মারতে বাইরে আনা হয়। এ ঘটনায় ছামিউল মনির বাদি হয়ে কালবেলা পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বাবুসহ ১৪ জনকে আসামী করে মঙ্গলবার একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আব্দুর রহিম ও বাবলুর রহমানকে গ্রেপ্তার করেছে। তবে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর বাদি হয়ে ছামিউল মনির, তার ভাই জিএম গোলাম আযম মতিসহ নয় জনের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করলেও বিকেল তিনটা পর্যন্ত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

(আরকে/এসপি/মার্চ ০৩, ২০২৬)