ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ 

২০২৬ মার্চ ০৩ ১৮:৫৯:৪৮
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ 

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার- মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সচিবালয়ে মন্ত্রপরিষদ সচিবের সঙ্গে দেখা করার পর এক কমিশনার পদত্যাগের কথা জানান।

এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার দপ্তরে এসে নিয়মিত কাজ শুরু করলেও, পুরো অফিসজুড়ে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বেলা আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে দিকে যেতে দেখা যায়। পরে তাকে বেরিয়ে আসতে দেখা যায়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমিনের নেতৃত্বে এই কমিশন দায়িত্ব গ্রহণ করে।

আবদুল মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, বিআরটিএর চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে আবদুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০২৬)