প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
২০২৬ মার্চ ০৪ ১৯:১৮:৫৫
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা :ডাইভারশন ব্যবস্থা ছাড়াই সড়ক উন্নয়নের কাজ চলায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও পথচারীরা। ঘটনাটি বুধবার ৪ (মার্চ) সাকালে নগরকান্দা উপজেলার পুরাপাড়া টু জয়বাংলা বাজার সড়কের একটি অংশে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কে উন্নয়ন কাজ শুরু হলেও বিকল্প কোনো ডাইভারশন বা চলাচলের আলাদা পথ তৈরি করা হয়নি। ফলে প্রতিদিনই ছোট-বড় যানবাহন খোঁড়াখুঁড়ির মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে কাঠের পাঠাতনের উপরে চলাচল করছে। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, অন্যদিকে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় দীর্ঘ রাস্তা ঘুরে মোটরসাইকেল ও অটোরিকশা যেতে হচ্ছে এতে করে বেশি অর্থ ও সময় ব্যয় হচ্ছে বেশি।
যানবাহন চালকরা অভিযোগ করে বলেন, দ্রুত কাজ শেষ না হলে এবং যথাযথ ডাইভারশন ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিকল্প রাস্তার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবীন মুঠোফোনে বলেন, এর আগে ফেসবুকে বিষয়টি জানতে পেরেছি অফিসের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে দ্রুত সমাধান করা হবে।
(পিবি/এএস/মার্চ ০৪, ২০২৬)
