প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
‘আকাশকুসুম কল্পনা নয়, দলের উন্নতিই লক্ষ্য বাটলারের’
২০২৬ মার্চ ০৫ ১৫:৩১:১৫স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো এএফসি উইমেন’স এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট থেকেই আগামী ২০২৭ ফিফা নারী বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ থাকলেও, এখনই আকাশকুসুম স্বপ্নে ভাসতে নারাজ বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার। বড় লক্ষ্য তাড়া না করে বরং প্রতিটি ম্যাচে দলের উন্নতির দিকেই বেশি নজর দিতে চান এই ব্রিটিশ কোচ।
১২ দলের এই এশিয়ান কাপের সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
এছাড়া সপ্তম ও অষ্টম দল প্লে-অফ খেলার সুযোগ পাবে। প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হারলেও লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে সাবিনা-মারিয়ারা। বর্তমানে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় উজবেকিস্তানের ওপরে অর্থাৎ তিনে থাকলেও, তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে।
এমন সমীকরণে দাঁড়িয়ে বিশ্বকাপের স্বপ্ন নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা এখানে কোনো আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি।
আমি প্রতিটি ম্যাচ ধরে আগাতে চাই। আমার মূল লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে মেয়েরা যেন নিজেদের আরও উন্নত করে এবং নতুন কিছু শেখে।’
আগামীকাল সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা উত্তর কোরিয়া। দলটির খেলার ভিডিও বা তথ্য পাওয়া বেশ কঠিন হলেও তা নিয়ে কাজ করছেন বাটলার।
তিনি বলেন, ‘ভিডিও অ্যানালাইসিস যাই করি না কেন, মাঠের বাঁশি বাজার আগে আসলে বোঝা সম্ভব নয় কী হতে চলেছে। পরিস্থিতি বুঝে দ্রুত মানিয়ে নেওয়ার মতো বুদ্ধিমান হতে হবে আমাদের।’
তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজের আক্রমণাত্মক কৌশল থেকে সরতে নারাজ বাটলার। দলের খেলার ধরন নিয়ে তিনি স্পষ্ট জানান, ‘আমরা শুধু মাঠে বসে প্রতিপক্ষের আক্রমণ দেখব না। রক্ষণাত্মক না হয়ে আমরা নিজস্ব ঢংয়ে খেলব।
যখন বল আমাদের দখলে থাকবে, আমরা আক্রমণাত্মক এবং সৃজনশীল থাকব। আর বল না থাকলে মাঠের জায়গা কমিয়ে দিয়ে রক্ষণভাগ সামলাব।’
(ওএস/এএস/মার্চ ০৫, ২০২৬)
