প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
২০২৬ মার্চ ০৬ ১৮:৩৬:৩৬
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ও ঘাগটিয়া ইউনিয়নের সংযোগস্থল ঘোরস্বাব নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে চরনিলক্ষী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করে প্রায় ৫'শ মানুষ।
বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, এলাকার একটি প্রভাবশালী মহল গত কয়েক বছর ধরে ঘোরস্বাব নদীর মাঝখানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে। এর ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে, যা সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় কৃষকের জমির উপর। সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর এই অবৈধ বাঁধের কারণে পানি আটকে রাখায় এবং পরবর্তীতে তা আকস্মিকভাবে ছেড়ে দেওয়ায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল। পানির প্রবল স্রোতে কৃষি খেতে কর্মরত ২ নারী ভেসে দেশে গিয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। এ ছাড়া একই ঘটনার রেশ ধরে পানিতে ডুবে আরও দুই শিশুর প্রাণহানি ঘটে। এই চার মৃত্যুর জন্য সরাসরি প্রভাবশালী দখলদারদের দায়ী করছেন এলাকাবাসী।
“ঘোরস্বাব নদী উন্মুক্ত চাই” স্লোগান সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী প্রশাসনের কাছে প্রধানত ৩টি দাবি তুলে ধরেন, দ্রুততম সময়ের মধ্যে ঘোরস্বাব নদীর সকল অবৈধ বাঁধ উচ্ছেদ করতে হবে। নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে এনে কৃষি ও মৎস্যজীবীদের সুরক্ষা দিতে হবে। বাঁধ দেওয়ার ফলে সৃষ্ট বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া ঘাগটিয়া ও সনমানিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ জানান, প্রশাসনের বারবার জানানো হলে ও করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, অতি দ্রুত এই নদী দখলমুক্ত না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে বলে জানান।
(এসকেডি/এসপি/মার্চ ০৬, ২০২৬)
