প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
২০২৬ মার্চ ০৬ ১৮:৪৪:৪১
রূপক মুখার্জি, নড়াইল : চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এতে আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে শুরু করেছে। নড়াইল জেলা শহরসহ তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চালকরা আগাম আশঙ্কায় তেল 'ফুল ট্যাংক' করে রাখছেন। আর এতেই দেখা দিয়েছে 'দুর্ভোগ'। এই সুযোগে অসাধু তেল ব্যবসায়ীরা কৃত্তিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে। অথচ কোথাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তদারকি নেই।
পিছিয়ে নেই প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশাও। জ্বালানি তেল সংকটের শঙ্কায় সবাই গাড়িতে ফুল ট্যাংক তেল নিয়ে রাখছেন। ফলে হঠাৎ করে পেট্রোল-অকটেন-ডিজেলের চাহিদা বেড়ে গেছে। দিনশেষে রাতেও তাই ফিলিং স্টেশনে গাড়ির জট দেখা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টার পর নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে বাড়তি চাপের কারণে সন্ধ্যার পরই অনেক পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে রেখেছে। আবার কিছু তেল পাম্পে 'তেল নাই'-এ অজুহাতে প্রতিষ্ঠান খোলা রাখলেও তেল সরবরাহ করা হচ্ছে না
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার লোহাগড়া প্রতিনিধি শরিফুজ্জামান বলেন, তেলের সংকট হতে পারে, এজন্য গাড়িতে ফুল ট্যাংকি লোড করে রাখছি যেন তেল না পাওয়া গেলেও গাড়ি চালানো যায়। তবে আমাকে লোহাগড়া ফিলিং স্টেশন থেকে মাত্র ৩ লিটার তেল দিয়েছে।
শিমুল নামের এক মাইক্রো চালক বলেন, গাড়ি গ্যাসে চালাই। তারপরও রিজার্ভ তেল নিয়ে রাখছি যেন সংকট হলে বসে থাকতে না হয়।
গণমাধ্যমকর্মী রাশেদ রাসু বলেন, দেশে জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা সংকটের অজুহাতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য সরকারি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।
এদিকে মার্চ মাসে দেওয়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য বলছে, দেশে ডিজেল প্রায় ১৪ দিনের, পেট্রোল প্রায় ১৫-১৭ দিনের, অকটেন প্রায় ২৮ দিনের, ফার্নেস অয়েল প্রায় ৯৩ দিনের, জেট ফুয়েল প্রায় ৫৫ দিনের মজুত আছে।
সরকারি তথ্যের হিসাবে এখনই জ্বালানি সংকট তৈরি হওয়ার কথা না। তবে সরকার বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হওয়ায় আহ্বান জানিয়েছে।
(আরএম/এসপি/মার্চ ০৬, ২০২৬)
