প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
২০২৬ মার্চ ০৭ ১২:৩৭:৫৯
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে দেশটিতে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে ১২৩ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে গেছেন বলেও জানিয়েছে তারা।
শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘বড় মানবিক জরুরি অবস্থা’ হিসেবে চিহ্নিত করেছে ইউএনএইচসিআর।
গত সোমবার ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে বিমান হামলা শুরু করে।
এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়ে বলেছেন, লেবানন এখন এক বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর, যেখানে একটি মানবিক বিপর্যয় আসন্ন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, হিজবুল্লাহ অনমনীয় অবস্থানে রয়েছে। তারা লেবাননের সীমান্ত বরাবর ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
এ অবস্থায় এই সংঘাত কেবল বৃদ্ধি পেতেই দেখা যাচ্ছে।
(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৬)
