ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ওড়াকান্দিতে দেশের সর্ববৃহৎ স্নানোৎসব ১৬ মার্চ   

২০২৬ মার্চ ০৭ ১৮:১২:৩০
ওড়াকান্দিতে দেশের সর্ববৃহৎ স্নানোৎসব ১৬ মার্চ   

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে দেশের সর্ববৃহৎ স্নানোৎসব আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। এ বছর মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে এ স্নানোৎসব ও ৩ দিনব্যাপী মহাবরুণীর মেলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই গোপালগঞ্জ- ২ আসনের এমপি ডা. কে.এম বাবার, জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ স্নানোৎসব ও মেলার প্রস্তুতি নিয়ে ওড়াকান্দির ঠাকুর পরিবারের সদস্য এবং মতুয়া ভক্তদের সাথে মত বিনিময় করেছেন। এছাড়া তারা শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন করে প্রস্তুতি তদারকি করেছেন।

নিপীড়িত ও অবহেলিত মানুষের মুক্তির দূত হিসেবে আধ্যাত্মিক পুরুষ পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর বাংলা ১২১৮ সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীর ব্রহ্ম মুহুর্তে মহা বারুনীর দিনে কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ৬৬ বছর বয়সেই ১২৮৪ সালে জন্মের একই তিথিতে তীরোধনে যান। এ পরম পুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মের জন্য সাফলীডাঙ্গা গ্রাম হয়ে ওঠে ধন্য। এর পাশাপাশি পার্শ্ববর্তী গ্রাম ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের অলৌকিকত্ব ও লীলার জন্য বিখ্যাত হয়ে উঠে। ঠাকুরের অবির্ভাব তিথিতে ওড়াকান্দিতে স্নানোৎসব প্রবর্তণ করা হয়। এটি জেলা সদর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম হরি হলেও তাঁর একান্ত ভক্তরা হরিচাঁদ নামে ডাকতেন। পিতা যশোবন্ত ঠাকুরের পাঁচ পুত্রের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

হরিচাঁদ ঠাকুরের ৬ষ্ঠ পুরুষ মতুয়াচার্য সুব্রত ঠাকুর বলেন, হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি ওড়াকান্দি সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের কাছে মহাপবিত্র পীঠস্থান। তাই প্রতিবছর এ স্নানোৎসব ও বারুণীর মেলায় দেশ-বিদেশের ১৫ লাখ পূণ্যার্থীর সমাগম ঘটে। এ বছর বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে স্নানোৎসব সম্পন্ন হবে। সেই সাথে ৩ দিন চলবে বরুণীর মেলা। এ সংক্রান্ত প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে। এমপি, ডিসি, এসপি সহ সবাই এটি সফল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গোপালগঞ্জ সদর আসনের এমপি ডা. কেএম বাবার বলেন, ডিসি, এসপি ও ওড়াকান্দির ঠাকুর পরিবারের সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা করেছি।স্নানোৎসব ও মহাবারুণীর মেলা সফল করতে সব ধরণের সহযোগিতা করবো। এখানে আইন শৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা দেবে ও সজাগ দৃষ্টি রাখবে। নেতা-কর্মীরা মেলা সফল করতে ভলেন্টিয়ারী সার্ভিস দেবে। কেউ এ উৎসবে বিঘ্ন সৃষ্টি করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। দলীয় কেউ এতে জড়িত থাকলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, ওড়াকান্দির স্ননোৎসব ও মাহাবারুণীর ৩দিনের মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন শৃংখলা রক্ষা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে সজাগ নজরদারি করবেন।

উল্লেখ্য, বিগত ২০২১ সালে ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীধাম ওড়াকান্দি সফর করেন। তারপর থেকে এ পীঠস্থানটির পরিচিতি আরো ব্যাপকতা লাভ করে।

(টিবি/এসপি/মার্চ ০৭, ২০২৬)