প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সারিয়াকান্দিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কোচিং পরিচালক নিহত, গ্রেপ্তার ৫
২০২৬ মার্চ ০৭ ১৮:৪১:০৩
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চয়ন রাজভর (৩৫) নামের এক কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই নয়নসহ আরও একজন আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত চয়ন রাজভর উপজেলার তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি এলাকার ‘দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার’-এর পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়ন রাজভর ও প্রতিপক্ষ আমিনুর ফকির গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে তারাবির নামাজের পর এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।এ সময় চয়ন রাজভরকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার মৃত নাজিমুদ্দিন ফকিরের ছেলে আমিরুর ফকির,শাহিন ফকির (৪০), আমিনুর ফকিরের ছেলে রাব্বি ফকির (২১), মৃত জিন্না ফকিরের ছেলে তাহের ফকির (৪৫) এবং শাহিন ফকিরের ছেলে রাকিব ফকির (২৬)।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে নিহত চয়ন রাজভরকে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। অপরদিকে কোচিং সেন্টারে পরিচালক চয়ন রাজভর এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা। গতকাল শনিবার সকালে ওই কোচিং সেন্টারে ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীরা একত্রিত হয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সারিয়াকান্দি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
(বিএস/এসপি/মার্চ ০৭, ২০২৬)
