ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২০২৬ মার্চ ০৮ ১৮:৪৮:১৯
কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুর শিকদার (৩০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী হয়েছে। আজ রবিবার সকালে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে নিহতের স্বজন ও খায়েরহাট গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এতে অংশগ্রহনকারীরা ‘ফঁসি চাই, ফাঁসি চাই, ওবায়দুর শিকদারের খুনিদের ফাঁসি চাই।’ লেখা সম্বলিত ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম পাবেল, রুমান শিকদার, এনামুল হক, ইফাজুল মোল্যা, তৌহিদুর রহমান ও রহিমা বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর ৬ মাস পার হলেও পুলিশ এখনও হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দিতে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণার হুঁশিয়ারী দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানার উপরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া বলেন, মামলাটি ডিআইজি কার্যালয়ের মনিটরিং সেলের অধীনে রয়েছে। এটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে ওবায়দুর শিকদার পিকনিকের কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। নিখোঁজের দ্ইু দিন পর একই উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের একটি রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আমিনুর শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(টিবি/এসপি/মার্চ ০৮, ২০২৬)