ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

২০২৬ মার্চ ১১ ১৮:৩৭:৩১
রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

রূপক মুখার্জি, নড়াইল : পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।আজ বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে এ বিক্রয় কার্যক্রম চলবে।

কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসিংকৃত ব্রয়লার মুরগি ২৪৫ টাকা এবং প্রতি পিস মুরগির ডিম ৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, রমজান মাসে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় প্রাণিজ খাদ্য সুলভ মূল্যে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(আরএম/এসপি/মার্চ ১১, ২০২৬)