ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ

২০২৬ মার্চ ১৫ ১৯:১৩:৩১
চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে সজীব হোসেন (২৩) নামে চালকের সহকারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক।

আজ রবিবার সকালের দিকে সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে। চালকের পরিবর্তে সহকারী সজীব ট্রাকটি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মতিন শেখ বলেন,বিকট শব্দ পেয়ে আমরা স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখি চালকের সহকারী সজীব ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে আছেন। আর চালক ট্রাকের ভেতরেই আহত অবস্থায় পড়ে আছেন। এ সময় চালককে আমরা উদ্ধার করার পর তিনি জানান, তার সহকারী সজীব ট্রাক চালাচ্ছিলেন। একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে সজীব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের মাথায় পানি ঢেলে কিছুটা সুস্থ করার পর তিনি নিজেই একটি মাহেন্দ্র গাড়িতে উঠে চলে যান। আর আলুর বস্তা সরিয়ে দেখা যায়, সজীবের মাথা ও মুখ থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ বলেন, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।নিহত সজীবের মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

(একে/এসপি/মার্চ ১৫, ২০২৬)