প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
২০২৬ মার্চ ১৭ ১৪:৪৮:১৩
স্টাফ রিপোর্টার :কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের শক্তিশালী নেতাকর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে-রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেওয়া এমন নির্দেশনা প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ) আইন ও সালিস কেন্দ্রের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী সৈয়দা নাসরিন এবং আইনজীবী শাহীনুজ্জামান।
নোটিশে সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি দেওয়া ‘বিশেষ নির্দেশনায়’ বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী করা, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন-অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপারকে (এসপি) মঙ্গলবার এই ‘বিশেষ’ নির্দেশনা দেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
(ওএস/এএস/মার্চ ১৭, ২০২৬)
