ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মুনশাপুর গ্রামে থমকে গেছে ঈদের আনন্দ

ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

২০২৬ মার্চ ১৭ ১৮:৪২:১৫
ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ঈদের ছুঁটিতে বাডি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে শরিফুল ইসলামের। ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তাদের তিনটি জীবন।

আজ মঙ্গলবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম থেকে নিজ বাড়ি দিনাজপুরের হিলির মুনশাপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার পরেই ঘটেছে এ দূর্ঘটনা। একই মোটরসাইকেলে দুই ছেলেসহ মা-বাবা ঈদের আনন্দঘন মুহূর্ত নিয়ে ফিরছিলেন আপন ঠিকানায়।এ সময় তাদের তিনজনের প্রাণ কেড়ে নিলো ঘাতক ট্রাক।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম সড়কে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোলে থাকা ৬ মাসের শিশুসহ মা-বাবাসহ তিনজন নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, যেখানে ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।

নিহতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলির মুনশাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমাইয়া (৩০) এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন।

প্রসঙ্গত,শরিফুল ইসলাম বেসরকারি উন্নয়ন সংস্থা' পদক্ষেপ' এ লালমনিরহাট শাখায় কর্মরত ছিলেন।প্রতিষ্ঠান থেকে ঈদের ছুটি পেয়ে গ্রামের বাড়ি হিলিতে ফিরছিলেন,পরিবারের সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই।

এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বইছে। পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আর ঈদের আনন্দ যেন থমকে গেছে মুনশাপুর গ্রামে।

(এসএস/এসপি/মার্চ ১৭, ২০২৬)