প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
২০২৬ মার্চ ১৭ ১৯:০৭:০১
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় মদাপুর ইউনিয়নে ভিজিএফের ওজনে কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করছে প্রশাসন।
সোমবার (১৬ মার্চ) দুপুর থেকে মদাপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করে পরিষদ থেকে। কিন্তু চাল ১০ কেজি করে দেবার কথা থাকলেও চাউল বিতরণ করে ৫ কেজি করে।
বিষয়টি জানাজানি হলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমবার বিকেলে মোঃ মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অনিয়মের সত্যতা পাওয়ায় তিনি চাউলের গোডাউন সীলগালা করে দেন এবং বিতরণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
ইউনিয়নের বাসিন্দা বিউটি বেগম বলেন, “আমি স্লিপ পেয়েছি। সকাল থেকে এসে বসে আছি, কিন্তু এখনো চাউল পাইনি। যারা পেয়েছে তারাও ১০ কেজির জায়গায় ৫ কেজি করে।
এ বিষয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন, “আমার ইউনিয়নে মোট ১২১৫টি স্লিপ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা। তবে কিছু অসহায় মানুষ স্লিপ ছাড়া এসে চাউল দাবি করায় তাদের অল্প পরিমাণ করে দেওয়া হয়েছে। এছাড়া স্লিপ ছাড়া অনেক মানুষ ভিড় করায় বিতরণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ সাময়িকবাবে চাউল বিতরণ কার্যক্রম বন্ধ আছে ।”
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে মদাপুর ইউনিয়ন পরিষদে আসি। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে চাউল বিতরণ বন্ধ করা হয়েছে এবং গোডাউন সীলগালা করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”
কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম বলেন, তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সতত্যা প্রমানিত হয়েছে। যেহেতু ডিও হয় চেয়ারম্যানের নামে সেজন্য চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে।
(একে/এসপি/মার্চ ১৭, ২০২৬)
