ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

অভিনেতা শামস সুমন আর নেই

২০২৬ মার্চ ১৮ ০০:২৮:০৯
অভিনেতা শামস সুমন আর নেই

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। (১৭ মার্চ) মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সুমনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন দীর্ঘ সময় ধরে একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। ২০১৬ সালের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। সর্বশেষ তাকে দেখা যায় সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়।

‘অহংকার’, ‘অনুরাগ’, ‘যদি ভালোবাসো’, ‘এইতো আমাদের বাড়ি’, ‘রাতের অতিথি’, ‘অতন্দ্র প্রহর’, ‘খোঁজ’সহ বহু টিভিনাটকে অভিনয় করেছিলেন সুমন। তৎকালীন জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভিতে আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘বন্ধন’-এ অভিনয় করেন তিনি।

চলচ্চিত্রে তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’, বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’, খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’, নায়করাজ রাজ্জাকের ‘আয়না কাহিনি’, গিতালি হাসানের ‘প্রিয়া তুমি সুখী হও’, পি এ কাজলের ‘চোখের দেখা’, মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিগুলোতে অভিনয় করেন তিনি।

সর্বশেষ ‘মিশন এক্সট্রিম’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে তাকে দেখা যায়। শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুমন।

সুমন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০২৬)