ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!

২০২৬ মার্চ ১৮ ১৪:০২:১৮
ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!

বিনোদন ডেস্ক : সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা বেজড সিনেমা ‘দম’ ঘিরে এরই মধ্যে দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। আফরান নিশো-পূজা চেরি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দম’-এর টিজার প্রকাশের পরপরই সামাজিকমাধ্যমে শুরু হয় দর্শক-ভক্তদের তুমুল আলোচনা। টিজারের দৃশ্য, নির্মাণশৈলী, লোকেশন ও গল্পের আভাস নিয়ে নেটিজেনদের নানা মন্তব্যে সরব হয়ে উঠে অনলাইন দুনিয়া।

টিজারের পর এবার এলো সিনেমাটির ট্রেলার। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়। যার ক্যাপশনে লেখা, জন্ম-মৃত‍্যুর সন্ধিক্ষণে দম ধরে রাখা যেমন কষ্ট, ছেড়ে দিতে আরো কষ্ট! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতর ২৬-এ।

ট্রেলারে দেখা যায়, নানা প্রতিবন্ধকতার মাধ্যমে আফরান নিশোর চরিত্রে প্রবাসীদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ট্রেলারে স্মরণ করা হয় জন্মালেই মরতে হবে।
জন্মোর পরই শুরু হয় দমের খেলা। কাবাডির মাঠ থেকে সব জায়গাই দমের। বিরহের আবহে ধরা দিয়েছেন পূজা চেরি। আর রহস্যময়ী ভূমিকায় চঞ্চল চৌধুরী।
ট্রেলার দেখে দর্শক বলছে, দমকে ঠেকানো যাবে না। দম ঈদ মাতাবে।

ট্রেলার অনুষ্ঠানে পরিচালক রেদওয়ান রনি বলেন, দমের দম কত দূর হলে এলে বোঝা যাবে। প্রতিবার ঈদ করতে গ্রামে যাই। একবার ঈদ সংখ্যায় বাড়ি নিয়ে গিয়েছিলাম তখন একটা গল্প পড়ার পর কান্না আসে।

তখন কাজটি করার আগ্রহ দেখাই। গল্পটি থেকে অনুপ্রেরণা থেকে দম। চরিত্রটি অদ্ভুত এক অনুভূতি এনে দিয়েছি। একজন মানুষের মানসিক শক্তি কতটা দমদার হতে পারে তা পর্দায় দেখা যাবে।

তিনি আরো বলেন, নিশো, চঞ্চল ভাই থেকে শুরু করে প্রতিটি মানুষ সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছেন। নতুন জায়গায় কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। এই সিনেমাটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো একটি সিনেমা দম। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা দম। লোকেশন নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। আশা করছি, সিনেমাটি নিরাশ করবে না।

আফরান নিশো বলেন, দম নিয়ে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই। কাজটি ভালো করতে গল্প নিয়ে অসংখ্য বার টিমের সঙ্গে বসেছি। মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না সিনেমাটির জন্য যতটা কষ্ট করেছি৷ প্রতিটি মানুষ সিনেমাটির জন্য পরিশ্রম করেছেন। দর্শকরা সিনেমাটি দেখে ঠকবে না। এমন গল্প ও চরিত্র এর আগে করিনি। আমার ইচ্ছে আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর কাজ দেওয়ার চেষ্টা করছি। নাটকে অনেক টাকা কামাতে পারতাম কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে সিনেমা করতে এসেছি। আবারও বলতে চাই দম কাউকে নিরাশ করবে না।

এসময় প্রযোজক, পরিচালক ও টিমকে দাঁড়িয়ে সম্মান জানান আফরান নিশো।

পূজা বলেন, আপনারা বলতে বাধ্য হবেন এটি একটি দমদার সিনেমা। নূর আমার স্বামী (আফরান নিশো) কথা না বললেই না, একজন মানুষ কতটা সাপোর্টিভ হতে পারে তা উনার সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না৷ উনি সেটে যেমন হাসিয়েছেন, তেমন কাজটা শিখিয়ে দিয়েছেন।

এসময় সিনেমাটির কলাকুশলী, পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ মার্চ রোববার দুপুরে প্রকাশিত পোস্টার ঘিরেও দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি সম্প্রতি ‘ইউ’ (U) গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।

আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০২৬)