প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে গরু চোর আটক
২০২৬ মার্চ ১৮ ১৭:৫৮:৩৩
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপাল দত্ত'র বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনার ৫ দিন পর রফিক নামের একজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গরুচোর রফিক উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে।
শনিবার (১৪ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী একদল অজ্ঞাত গরু চোর গোপাল দত্ত'র বাড়ির গোয়ালঘরে হানা দিয়ে কৌশলে তিনটি গরু চুরি করে। এ সময় চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী ছুটে এসে চোরচক্রকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় গ্রামবাসী গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে ঘটনার পর পরই গোয়াল ঘর থেকে গরু চুরির সময়ে সিসি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখিত ঘটনায় সারুলিয়া গ্রামের গোপাল দত্ত বাদী হয়ে রবিবার (১৫ মার্চ) লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গরুচুরি চক্রের প্রধান হোতা রফিকুলকে সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, 'সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির ঘটনায় জড়িত রফিককে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরেই আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
(আরএম/এসপি/মার্চ ১৮, ২০২৬)
