প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
২০২৬ মার্চ ১৮ ১৮:২৪:৪৪
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বেলা আনুমানিক আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ট্রেনটি একপাশে হেলে যায়। এতে মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভয়ে ছোটাছুটি শুরু করেন।দুর্ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। পবিত্র ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বাড়ি ফেরা যাত্রীদের চাপ থাকায় ট্রেনটিতে যাত্রীসংখ্যা ছিল বেশি। ফলে দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা আরও বেড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, বুধবার বেলা আড়াইটার দিকে চিলাহাটি গামী নীলসাগর ট্রেনটি স্টেশন অতিক্রম করার কিছু দূর পর লাইনচ্যুত হয়। এতে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে অন্যান্য যাত্রীরা নিরাপদে রয়েছেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে রেললাইনের ত্রুটি বা যান্ত্রিক সমস্যাকে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
(বিএস/এসপি/মার্চ ১৮, ২০২৬)
