প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নগরকান্দায় ঈদ উপলক্ষে একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার বিতরণ
২০২৬ মার্চ ১৯ ১৮:৫৭:২২
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : “একে অন্যের হাত ধরি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরা পাড়া ইউনিয়নের একতা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পুরাপাড়া বিশ্বাস ফার্মেসির সামনে আয়োজিত এ কার্যক্রমে মোট ৩৪ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দকে কিছুটা হলেও ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বিতরণে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক জুনায়েত হোসেন সবুজ সদস্য মোঃ হবিবুল্লাহ সুজন, সাংবাদিক প্রশেনজিৎ বিশ্বাস, মোঃ মামুন মাতুব্বর, মোঃ রাসেল হোসেন, ডাঃ গৌরঙ্গ বিশ্বাস সহ অন্যান্যরা।
উল্লেখ্য, একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন।
(পিবি/এসপি/মার্চ ১৯, ২০২৬)
