ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান

২০২৬ মার্চ ১৯ ১৯:১০:২৯
ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান

শাহ্ আলম শাহী, দিনাজপুর : এশিয়া উপমহাদেশের অন্যতম বৃহৎ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে সকল প্রস্তুতি সম্পন্নের কাজ চলছে। ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য অসংখ্য শ্রমিকের নিরলস পরিশ্রমে পরিস্কার-পরিচ্ছনতার পাশাপাশি সাজিয়ে তুলেছে বিশাল এই মাঠ। প্রতি বছরের মতো এবারও দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। এ ঈদের জামাতে দিনাজপুর ও আশপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নিবেন কয়েক লাখ মুসল্লী।

সকাল-সন্ধ্যা শ্রমিকরা নিরলস পরিশ্রম করে মাঠ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ চুন দিয়ে নামাজের কাতারের লাইন টানছেন, কেউ মেশিনের সাহায্যে মাঠ সমান করছেন। আবার কেউ দৃষ্টিনন্দন গেট নির্মাণে কাজ করছেন, কেউ বা মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কারে ব্যস্ত।
ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় একটি গেট। পুরো মাঠজুড়ে চলছে সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার কাজ, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারে।

সকাল ৯ টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঐতিহাসিক গোর ও শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা ও জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগে মাঠের সার্বিক প্রস্তুতির কাজ চলমান রয়েছে। মুসিল্লিরা নিরাপদে নামাজ আদায় করে ঘরে ফিরতে পারবেন।

মাঠে পরিদর্শন করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সুষ্ঠু ভাবে নামাজ আদায়ে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে মাঠের চারপাশে মোট ২০টি গেট স্থাপন করা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এবার এ মাঠে শুধু জেলার নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ঈদের নামাজে অংশ নিবেন।

(এসএস/এসপি/মার্চ ১৯, ২০২৬)