প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
২০২৬ মার্চ ১৯ ১৯:২০:১৩
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল (লোকাল) ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা যায়, শাটল ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ট্রেনের ওপরই পড়ে থাকেন।পরে ট্রেনটি দুপুর ২ টা ৩৮ মিনিটের দিকে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় অজ্ঞাত ব্যক্তিকে নামানো হয়।নামানোর পর দেখা যায় অজ্ঞাত যুবক মারা গেছে।এ ঘটনায় প্রায় ১২ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।
এ বিষয়ে কালুখালী সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন বলেন, খবর পেয়ে কালুখালী রেলওয়ে স্টেশনে এসে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(একে/এসপি/মার্চ ১৯, ২০২৬)
