প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন
২০২৬ মার্চ ২০ ১৬:০৮:৩১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সারাদেশে রমজান মাস চললেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই কলারোয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা কুশখালী বাউকোলা মসজিদে সমবেত হতে থাকেন। কুশখালী বাউকোলা মসজিদে অনুষ্ঠিত এই প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
এতে সদর উপজেলার ঘোনা, ভাড়ুখালী, মিরগিডাঙ্গা ও কলারোয়া উপজেলার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাঁদড়া এবং পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন।
ঈদের নামাজে অংশ নিতে আসা কলারোয়া উপজেলার এক বাসিন্দা জানান, সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি ৮টার জামাত ধরতে। আমরা প্রতি বছরই বিশ্বের সাথে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছি।
নামাজ শেষে বিশেষ খুতবায় মাওলানা মাহবুবুর রহমান বলেন, পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদের নামাজ আদায় করেছি। যেহেতু আমরা একদিন আগে থেকে রোজা শুরু করেছিলাম, তাই আজ আমাদের জন্য ঈদের দিন। অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি ছিল।
(আরকে/এসপি/মার্চ ২০, ২০২৬)
