ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগ 

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

২০২৬ মার্চ ২০ ১৬:৩২:৪০
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া লুটপাটের অভিযোগ করেছেন আহতরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত শেখ রুহুল আমীন (৮০), তার স্ত্রী আকিরুন্নেছা বেগম (৬৫) ও তার দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম (৩৮) এবং সবুজ শেখকে (৩২) গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

জানাগেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের শেখ রুহুল আমীনের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় জাকারিয়া শেখ জাকির, তার চাচতো ভাই জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শেখ রুহুল আমীনের বাড়িতে গিয়ে হামলা করে। এতে প্রতিপক্ষের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে রুহুল আমীন, তার স্ত্রী আকিরুন্নেছা বেগম, দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম এবং সবুজ শেখসহ অন্তত ১০জন আহত হন। এসময় বসত ঘরে অগ্নিসংযোগ ও একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো: রিয়াদ মাহমুদ।

আহত শেখ রুহুল আমীন বলেন, ইফতারের আগ মূহূর্তে জাকারিয়া শেখ জাকির, তার চাচতো ভাই জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়তে এসে গালিগালাজ শুরু করে। এসময় আমি কারণ জানতে চাইলে অতর্কিতভাবে হামলা শুরু করে। এসময় আমাকে, আমার স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের সদস্যদের কুপিয়ে ও টিপিয়ে আহত করে। তারপর তারা বসত ঘরে অগ্নিসংযোগ ও একটি মোটর সাইকেল ভাংচুর করে। তারা ঘরের মালামালও লুটে নিয়েছে। আগেও তারা আমাদের উপর হামলা করেছিলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে, এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ শুক্রবার (২০ মার্চ) দুপুরে বলেন, হামলাল ঘটনায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এখন মামলা্ দায়েরের প্রস্তুতি চলছে। ওই কর্মকর্তা আরো বলেন, জামি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

(বি/এসপি/মার্চ ২০, ২০২৬)