প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জামায়াতের দুর্গখ্যাত আগরদাঁড়িতে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
২০২৬ মার্চ ২২ ১৭:২১:৪৯
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঈদ উপলক্ষে বাড়িতে আসা এক আওয়ামী লীগ নেতার ওপর উপর্যুপরি হামলা চালানো হয়েছে। পবিত্র ঈদের দিন শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কাঠের চলার আঘাত ও এলোপাতাড়ি কিল - ঘুষিতে মারাত্মক জখম ওই নেতাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই নেতার নাম মোঃ বাহারউদ্দিন (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের মৃত মোঃ কওছার আলীর ছেলে ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মোঃ বাহারউদ্দিন জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুরের দিকে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে মর্মে খবর ছড়িয়ে পড়ার পরপরই তার এলাকার একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার ও তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে লুটপাট চালায়। পরে প্রেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর তিনি নিঃস্ব হয়ে পলাতক জীবন যাপন করতে থাকেন। ১৩ তম সংসদীয় নির্বাচন পরবর্তী প্রথম সংসদ অধিবেশন শেষে এক সাংসদ তাকে একটি কার্ডসহ বাড়িতে নিরাপদে বসবাসের নিশ্চয়তা দেন। সে অনুযায়ি তিনি গত শুক্রবার রাতে বাড়িতে ফেরেন। পরদিন শনিবার তিনি স্থানীয় মসজিদে ঈদের নামাজ পড়েন।
বাহারউদ্দিন অভিযোগ করে বলেন, শনিবার রাত ৮টার দিকে তিনি ঘরে দরজা দিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একজন তাকে ডাকতে এলে তার স্ত্রী রেবেকা সুলতানা দরজা খুলে দেন। এ সময় তারই গ্রামের একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থক ৩০/৩৫ জন ঘরে ঢুকে তাকে টানতে টানতে বের করে এনে এলোপাতাড়ি কিল ও ঘুষি মারতে থাকেন। আওয়ামী লীগ করার সাধ মিটিয়ে দেব এমন কথা বলতে বলতে কয়েকজন কাঠের চলা দিয়ে তার বাম বাহু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। ঘুষি মেরে তার ডান চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়। তার স্ত্রী তাকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়। ছিঁড়ে ফেলা হয় তার পরিহিত শাড়ি। একপর্যায়ে তিনি সঙ্গা হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে চলে যায় হামলাকারিরা। চলে যাওয়ার আগে তারা এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে স্থানীয় দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে বলেন, ২০১৩-২০১৪ সালে জেলাজুড়ে রাস্তা কাটা, গাছ কাটাসহ বিভিন্ন ঘটনায় জামায়াত-বিএনপি নেতা কর্মীদের নামে বেশ কিছু মামলা হয়। আগরদাঁড়ি এলাকায় কয়েকটি ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় বাহারউদ্দিনসহ আওয়ামী লীগ নেতাদের সাক্ষী শ্রেণীভুক্ত করে। বাহারউদ্দিন একটি মামলায় সাক্ষী দিতে যেয়ে তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলার পরও তার বিপদ থামছে না। এরই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়। গত শনিবার ঈদের দিনেও তার উপর একইভাবে হামলা চালানো হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাহুল দেব রায় জানান, বাহাউদ্দিনের ডান চোখসহ বাম বাহু, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
(আরকে/এসপি/মার্চ ২২, ২০২৬)
