ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

২০২৬ মার্চ ২২ ১৭:৫০:৩৭
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার : দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। এই লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিন মঙ্গলবার (২৪ মার্চ) বৃষ্টির আওতা আরও বাড়তে পারে। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ২৬ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০২৬)