প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
২০২৬ মার্চ ২৪ ১৯:১৬:১৮
রূপক মুখার্জি, নড়াইল : গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ঘোড় দৌড়ে আগ্রহী করে তুলতে লোহাগড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে লোহাগড়ার নারানদিয়া রেলস্টেশনে হাজারো মানুষের ঢল নামে।
আজ মঙ্গলবার বিকালের দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজনে নারানদিয়া রেল স্টেশনে এ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড় দৌড় উপলক্ষে রেল স্টেশনের আশেপাশে বসে গ্রামীণ মেলা। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা।
নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে ১২টি ঘোড়া এ প্রতিযোতায় অংশগ্রহন করে।
গ্রামীণ এই ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, ও শিশুরা আসতে থাকে। এসময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেল স্টেশন এলাকা হাজারো মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।এসময় লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পি, মো. খোকন সরদার, মো. নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/মার্চ ২৪, ২০২৬)
