প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২০২৬ মার্চ ২৬ ১৮:১৮:২৩
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সালথা উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পাশাপাশি সালথা থানা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ১০টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে মার্চপাস্ট প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা পরিবেশন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসের অপরাহ্নে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার শওকত আকবর। আলোচনা সভা ও সংবর্ধনা শেষে দিনের আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
(এএন/এসপি/মার্চ ২৬, ২০২৬)
