প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুরের মৃত্যু
২০২৬ মার্চ ২৬ ১৮:২৯:৩৬
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মো. মাহাবুর হাসান সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গত ২৩ মার্চ দায়িত্ব পালনকালে রাঙ্গামাটি –চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন মাহাবুর হাসান। তিনি সিএনজি চালিত অটোরিকশা যোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহত এএসআই মাহাবুর হাসানের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার নিজ জেলা যশোরের সদর উপজেলার নিজ গ্রামে পাঠানো হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
(আরএম/এসপি/মার্চ ২৬, ২০২৬)
