প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ককটেল বানানোর সময় বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র দগ্ধের ঘটনায় মামলা
২০২৬ মার্চ ২৬ ১৮:৩৮:৫১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে মাদ্রাসা ছাত্রের হাত-পা ও মুখ ঝলসে যাওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) রাতে বিস্ফোরক দ্রব্য আইনে মাদ্রাসা ছাত্র মতিউর রহমানের (২৩) নাম উল্লেখ সহ অজ্ঞাত আরা ৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
আহত মাদ্রাসা ছাত্র মতিউর রহমান টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার ছাত্র। সে এক বছর পর মাওলানা পাশ করবে বলে জানিয়েছেন স্বজনরা।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ মার্চ রাতে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে ছেলে মতিউর রহমান সহ কয়েকজন দুস্কৃতিকারী ককটেল বানাচ্ছিল। এ সময় একটি বিস্ফোরিত হয়। এতে হাত-পা ও মুখ ঝলসে গিয়ে মাদ্রাসা ছাত্র মতিউর গুরুতর জখম হয়। সাথে থাকা অজ্ঞাত ৪ জন দৌড়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়রা মতিউরের বাড়িতে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন তার অবস্থা আশঙ্কা জনক ছিল। এ কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আহত মাদ্রাসা ছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এতথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২৩ মার্চ) রাতে নিলফা এলাকায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসার শিক্ষার্থীর শরীর ঝলসে যায়। পরের দিন মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের বোমা ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে তারা অবিস্ফোরিত একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
ওসি আরও বলেন, এছাড়া ঘটনাস্থল থেকে বোমা ডিসপোজাল টিমের সদস্যরা এসএস পাইপের টুকরার অংশ, একটি বাঁশের হাতলযুক্ত লোহার হাতুড়ি, দিয়াসলাই বাক্সের ১৮ টি খোসা ও বারুদ ছাড়ানো ৩০০ টি কাঠি উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাকি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি মন্তব্য করেন।
তবে আহত মতিউরের বাবা মোস্তাক আহম্মেদ ও দুলাভাই কাইয়ুম দাড়িয়ার দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়। এছাড়া তার পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলছে যায় গেছে বলে তারা জানান।
(টিবি/এসপি/মার্চ ২৬, ২০২৬)
