ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চাচার বালি পরিবহনের ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার করুণ মৃত্যু

২০২৬ মার্চ ২৬ ১৮:৪১:৫৬
চাচার বালি পরিবহনের ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার করুণ মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় চাচার বালি টানার ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকার একটি সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মোল্যা (১১) শহরের মোচড়া এলাকার উত্তর পাড়ার পিকুল মোল্যার ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে , প্রতিদিনের ন্যায় মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে পাশ্ববর্তী মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিল। এ সময় ভাতিজা নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল। বালুভর্তি ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার সন্নিকটে আসলে সড়কের পাশে থাকা বাঁশে আঘাত লেগে হঠাৎ ভাতিজা নয়ন ট্রাক্টরের ওপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের কোন অভিযোগ না থাকায় স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ২৬, ২০২৬)