প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
‘এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই’
২০২৬ মার্চ ২৭ ১৭:৪৩:৩২
স্টাফ রিপোর্টার : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হলেও বাংলাদেশে এই মুহূর্তে তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজশুক্রবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সরকার প্রতিদিন এই খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। কারণ তেলের দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের ওপর সরাসরি প্রভাব পড়ে, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে।”
তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে দেশে জ্বালানির চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। গত মার্চ মাসে প্রতিদিন গড়ে যেখানে ১২ হাজার টন ডিজেলের চাহিদা ছিল, সেখানে ঈদের আগে প্রতিদিন প্রায় ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বর্তমান জ্বালানি পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে এপ্রিল মাস পর্যন্ত প্রয়োজনীয় জ্বালানির চাহিদা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সরকারের লক্ষ্য হলো আগামী ৯০ দিনের জন্য জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন মজুত গড়ে তোলা।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের কাছ থেকে বিশেষ অনুমতি পাওয়াকে সরকারের বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেন প্রতিমন্ত্রী। এর ফলে বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৫৩ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(ওএস/এসপি/মার্চ ২৭, ২০২৬)
