ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গরু চুরির অপবাদ সইতে না পেরে নারীর আত্মহত্যা, দু’জন আটক

২০২৬ মার্চ ২৭ ১৮:৫৫:৫৬
গরু চুরির অপবাদ সইতে না পেরে নারীর আত্মহত্যা, দু’জন আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ছেলের নামে চুরির অপবাদ এবং সালিশিতে স্বামীসহ নিজের ওপর নির্যাতনের পর জোসনা বানু নামে এক নারীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকার আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা এবং নায়েব আলী মেম্বারের ছেলে মোঃ হৃদয়।

গতরাতে (২৬ মার্চ) ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার গভীর রাতে সদরের কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকার পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েকজন। এ ঘটনার পর চোর সন্দেহে প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে ধরতে যান স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন। তবে সুজনকে না পেয়ে তার বাবা বৃদ্ধ সুরুজ্জামান ও মা জোসনা বানুকে তুলে নিয়ে যায় পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে। পরে বৃহস্পতিবার সকালে এ নিয়ে সালিশবৈঠক বসে। সালিশে ওই এলাকার আরও দুইজন তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ধরে মারধর করা হয়। একইসাথে তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। এ অপমান সইতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সজীব বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, অমানবিক এ ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

(আরআর/এসপি/মার্চ ২৭, ২০২৬)