ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মধুমতী নদীতে নিখোঁজের  দুই দিন পর ভেসে উঠল শিশু তাসমিয়ার মরদেহ 

২০২৬ মার্চ ২৮ ১৮:০৬:১৩
মধুমতী নদীতে নিখোঁজের  দুই দিন পর ভেসে উঠল শিশু তাসমিয়ার মরদেহ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজ হওয়ার দু'দিন পর তাসমিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তাসমিয়া যশোর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের মো: জিন্নাহ শেখের মেয়ে

জানা গেছে, গত ২৬ মার্চ ঈদের ছুটিতে মো: জিন্নাহ শেখ পরিবার-পরিজন নিয়ে লোহাগড়া উপজেলার কুন্দশী এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। ওই দিনই তাসমিয়া পরিবারের সদস্যদের সাথে মধুমতী নদীর পাংখারচর এলাকায় ঘুরতে যায়, যা স্হানীয়ভাবে 'মিনি কক্সবাজার' নামে পরিচিত। ট্রলারে করে নদী ভ্রমণ ও চরের ছবি তোলার সময় হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে নদীতে ডুবে
নিখোঁজ হয় তাসমিয়া। এরপর স্হানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালিয়ে তাসমিয়াকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

নিখোঁজের দুদিন পর শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিক্রীরচর এলাকার কালা চৌকিদারের বাড়ির সামনে মধুমতী নদীতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, স্হানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শিশু তাসমিয়ার অকাল মৃত্যুতে তার পরিবার ও নানাবাড়ি কুন্দশীতে শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এসপি/মার্চ ২৮, ২০২৬)