প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
২০২৬ মার্চ ৩১ ১৭:৪৬:২৭
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গোলাম রব্বানী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার পালিদোহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার পিয়ারপুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে এলে তাকে গোপনে অনুসরণ করা হয়। পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি ৮-চেম্বারবিশিষ্ট রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, আটক গোলাম রব্বানী উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
(এসকেকে/এসপি/মার্চ ৩১, ২০২৬)
